চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা আইনমন্ত্রীর
চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিএনপিতে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে দলে রাখার প্রশ্নই ওঠে না। দলের দু-একজনের অপকর্মের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া হবে না। একইভাবে মাদক কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
দলের ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, দলের ভেতরে থেকে যারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করতে হবে। বিএনপির কঠিন সময়ে যারা পাশে ছিল না, এমন সুবিধাবাদীদের দলে প্রয়োজন নেই।
সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আইন অনুযায়ী স্বাধীনভাবে কাজ করতে হবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে তাকে আইনের আওতায় আনতে হবে।
তিনি অভিযোগ করেন, বিএনপির নাম ব্যবহারকারী কিছু ব্যক্তি এখনো গোপনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও সমঝোতা করে চলেছে। বিগত ১৭ বছরেও তাদের একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে মিলে চলেছে বলে দাবি করেন তিনি। দলের ভেতরে এ ধরনের ব্যক্তিদের কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
অনুষ্ঠান শেষে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।