নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: নারী ও শিশু বিষয়ক মন্ত্রী
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক আবু জাফর মোঃ জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ইউএন উইমেন (UN Women) আয়োজিত ১৬ Days of Activism Against Gender-Based Violence শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নারীরা তাদের প্রাপ্য সম্মান ও অধিকার পাবে। নির্যাতনের শিকার নারী ও শিশুদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করতে ইতোমধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ভুক্তভোগীরা প্রয়োজনীয় সব ধরনের সেবা পাবেন।
তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সবার সমন্বিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে এ ধরনের সহিংসতা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার (Michael Miller) এবং বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোরে-স্মেরেচনিয়াক (Carol Flore-Smereczniak)।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন ----দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা