টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে হামলা-অগ্নিসংযোগের মামলা, আসামি ৫ হাজার ৮
ছবি-সংগৃহতি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে আগুন, গোলাবারুদ নষ্ট ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও প্রায় পাঁচ হাজার জনকে।
গত ২৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী। বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।
মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালু। এ ছাড়া আরও দুজনকে এজাহারে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবির সদস্যরা। টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে সেখানে যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে তাদের গতিরোধ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, বিজিবি সদস্যরা বাধা সরিয়ে দেওয়ার অনুরোধ করলে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। হামলাকারীরা বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
হামলা প্রতিহত করতে গিয়ে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান আহত হন। এজাহারে আরও উল্লেখ করা হয়, আগুনে একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়।
এ ছাড়া জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিন আগুনে নষ্ট হওয়ার কথা মামলায় উল্লেখ করা হয়েছে। অন্য একটি এপিসির টায়ার ও ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। বিজিবির গাড়িতে থাকা সরকারি একটি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটেরও অভিযোগ রয়েছে।
মামলার এজাহারে এসব ঘটনায় মোট আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির যানবাহনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভি