দেশীয় ভেন্টিলেটর উদ্ভাবনে গোল্ড মেডেল পেল টিম ভেন্টাস
ছবি- সংগৃহীত
দেশীয় প্রযুক্তিতে মেকানিক্যাল ভেন্টিলেটর তৈরির স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের বিএসএ-সিসিপি রিসার্চ অ্যান্ড ইনোভেশন গোল্ড মেডেল পেয়েছে বাংলাদেশি গবেষণা দল টিম ভেন্টাস। প্রায় সাত বছরের গবেষণা ও প্রকৌশল প্রচেষ্টায় তৈরি জীবনরক্ষাকারী এই চিকিৎসা যন্ত্রের জন্য জাতীয় পর্যায়ে এ সম্মাননা পেল দলটি।
বৃহস্পতিবার বিজ্ঞানভিত্তিক ফেসবুক পেজ ‘সাইন্স বি’তে প্রকাশিত এক পোস্টে পুরস্কার পাওয়ার বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের (বিএসএ-সিসিপি) আয়োজনে ১৪ ও ১৫ নভেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চতুর্থ ইন্টারন্যাশনাল অ্যানেস্থেসিওলজি কনফারেন্সে টিম ভেন্টাসের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের পরামর্শক এবং টিম ভেন্টাসের ক্লিনিক্যাল লিড ডা. আসিফ উর রহমান।
টিম ভেন্টাসের তৈরি ভেন্টিলেটরটি উন্নয়নে প্রায় সাত বছর ধরে গবেষণা ও প্রকৌশল কাজ চালিয়েছে দলটি। চলতি বছরের জুলাইয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে যন্ত্রটির প্রাথমিক ক্লিনিক্যাল পারফরম্যান্স ট্রায়ালও সম্পন্ন হয়।
গবেষকদের লক্ষ্য, তুলনামূলক কম ব্যয়ে দেশে তৈরি ভেন্টিলেটর উৎপাদনের মাধ্যমে সংকটকালীন সময়ে হাসপাতালগুলোর প্রয়োজন মেটানো এবং জীবনরক্ষাকারী আমদানি করা চিকিৎসা সরঞ্জামের ওপর নির্ভরতা কমানো।
তবে গোল্ড মেডেল অর্জনকে প্রকল্পটির চূড়ান্ত সাফল্য হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। রোগীদের নিয়মিত চিকিৎসায় ভেন্টিলেটরটি ব্যবহারের আগে আরও বিস্তৃত ক্লিনিক্যাল মূল্যায়ন, প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা যাচাই এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।
সংশ্লিষ্টদের মতে, পরীক্ষিত ও অনুমোদিত হলে কম খরচে তৈরি দেশীয় ভেন্টিলেটর ভবিষ্যতে বাংলাদেশের হাসপাতালগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সংকট বা জরুরি পরিস্থিতিতে স্থানীয়ভাবে উৎপাদিত জীবনরক্ষাকারী যন্ত্রের প্রাপ্যতা বাড়ানো সম্ভব হলে আমদানিনির্ভরতার চাপও কিছুটা কমবে।