রূপপুরে পৌঁছেছে পারমাণবিক জ্বালানির শেষ চালান
ছবি-সংগৃহীত
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুই ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আনার প্রক্রিয়া সম্পন্ন হলো।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপপুরের দুই ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান রয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। সর্বশেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে নির্ধারিত এই সরবরাহ কার্যক্রম শেষ হয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।
এদিকে পারমাণবিক জ্বালানির সরবরাহ প্রক্রিয়া শেষ হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কাজও এগিয়ে চলছে।
গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানোর কথা জানানো হয়েছে।
এর আগে ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুরের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। ওইদিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে পরীক্ষামূলক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়। প্রথম পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, পরীক্ষামূলকভাবে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ঘটনা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। দীর্ঘদিনের প্রস্তুতি, কারিগরি কাজ এবং বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয় দফার পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। নির্ধারিত ধাপে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরীক্ষা চালানো হচ্ছে।