চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক

ট্রাকচালক আটক, বিসিআইসি সার ডিলার ও তাঁর ছেলের খোঁজে পুলিশ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের অভিযোগে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবির ও তাঁর ছেলে বাবু পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ এসব সার জব্দ করে সদর মডেল থানা পুলিশ।

আটক ট্রাকচালক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউর নগরের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। এ সময় সার কালোবাজারে সরবরাহ করা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। পরে ট্রাক থেকে ৭০০ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ওই ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সার কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সার জব্দের ঘটনার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পাশাপাশি ডিলারের দোকানও বন্ধ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা সার জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে সরকারি সার অবৈধভাবে কালোবাজারে সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।