অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে যাত্রীদের ভোগান্তি, বাসপ্রতি চাঁদা ৩০ থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণের অভিযোগ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

রাজশাহী

অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে

পরিবহন মালিক গ্রুপের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দূরপাল্লার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী যাত্রীরা বাস কাউন্টারে এসে বিপাকে পড়েছেন।

সংশ্লিষ্ট পরিবহন মালিকদের অভিযোগ, আগে প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। সম্প্রতি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সেই চাঁদার পরিমাণ বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা।

গ্রামীণ ট্রাভেলসের ম্যানেজার আহম্মদ বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মালিক সমিতির লোকজন আমাদের, ন্যাশনাল ও গ্রামীণ ট্রাভেলসের বাস চলাচলে ব্যারিকেড দেন। দেড়শ টাকা চাঁদা না দিলে বাস যেতে দেওয়া হবে না বলে জানানো হয়। পরে কাউন্টারে এসে টিকিট বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আমরা কর্মচারী, এ বিষয়ে আমাদের কিছু করার নেই। মালিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা প্রয়োজন।

অন্যদিকে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুল রহমান নান্নু বলেন, দূরপাল্লার বাস থেকে রাজশাহী ও নাটোর মালিক সমিতি ১৩০ টাকা করে চাঁদা আদায় করে। সেই অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জেও ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাস চলাচল স্বাভাবিক করতে দূরপাল্লার বাসমালিকদের সঙ্গে আলোচনা চলছে।

বাস চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সাধারণ যাত্রীরা। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও পরিবহন শ্রমিকরা।