বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
ছবি- সংগৃহীত
ছোট পর্দার অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর বিষয়টি নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে কয়েক দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল জানান, মঙ্গলবার সকালে সোহেল খান ঘুম থেকে উঠে নাশতা করেন। এরপর নিজের কক্ষে কিছু সময় বিশ্রাম নেন। শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপও নিয়েছিলেন তিনি।
পরে শুটিং ইউনিটের একজন সদস্য তাকে ডাকতে হোটেলের কক্ষে গেলে বিছানায় তাকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের নাট্য ও বিনোদন অঙ্গনে শোকের আবহ নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।