২৫ লাখ কর্মসংস্থান তৈরিতে এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার

অনলাইন ডেক্স
২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

জাতীয়

২৫ লাখ কর্মসংস্থান তৈরিতে এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার

দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও শক্তিশালী করার মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্প্রসারণ ও সমৃদ্ধির জন্য এসএমই খাতের বিকল্প নেই। এ খাতকে এগিয়ে নিতে সরকার ২৫ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে।

তিনি বলেন, প্রতিবছর চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। নিজেদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরি করতে হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, সরকার এসএমই খাতের জন্য একটি নীতিমালা প্রণয়ন করছে। নীতিমালাটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবারের জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্দেশ্য হলো দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বিক্রি এবং নতুন বাজার তৈরির সুযোগ বাড়ানো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।