পাবনার ফরিদপুরে মাকে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার
পাবনার ফরিদপুর উপজেলায় সূর্য বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগে তাঁর ছেলে মো. উদ্দিন সরদারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। নেশার টাকা না পেয়ে মাকে ধারালো ঘাস কাটার কাঁচি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বৃ-লাহিড়ীবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঠ থেকে বাড়ি ফিরে উদ্দিন সরদার তাঁর মায়ের কাছে নেশা করার জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো ঘাস কাটার কাঁচি দিয়ে মায়ের গলায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। পরে পুলিশ ওই বাড়িতে প্রবেশ করে তাঁকে গ্রেপ্তার করে।
মা ও ছেলের মধ্যে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।