৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ডেক্স নিউজ
২৩ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

প্রধানমন্ত্রী

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ছবি-সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরকে ঘিরে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন মালয়েশিয়ার সরকারপ্রধান।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জ্বালানি সহযোগিতা, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার এবং দেশটিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

আনোয়ার ইব্রাহিমের সফর উপলক্ষে তাঁকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারায় দেওয়া ক্ষমতাবলে আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। এস. আর. ও. নং ৪১৯-আইন/২০২৬ নম্বরে জারি করা প্রজ্ঞাপনটি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ঢাকায় থাকবেন প্রায় এক দিন

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। পরদিন ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। সে হিসেবে বাংলাদেশে তাঁর অবস্থান প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টার মতো হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরে দুই দেশের বিদ্যমান সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে।

বিশেষ গুরুত্ব পেতে পারে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ, তাঁদের অধিকার ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা। পাশাপাশি হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় আসতে পারে।

জুনের বৈঠকের সিদ্ধান্ত পর্যালোচনায় গুরুত্ব

এর আগে গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২২ জুন কুয়ালালামপুরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, জনশক্তি, কৃষি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। উচ্চপর্যায়ের সফর এবং নিয়মিত সংলাপের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ঢাকা মনে করছে, আনোয়ার ইব্রাহিমের এবারের সফর জুনের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌথ কমিশনের বৈঠক এবং দ্বিপক্ষীয় পরামর্শ সভা আয়োজনের বিষয়ও আলোচনায় আসতে পারে।

২০২৪ সালেও বাংলাদেশে এসেছিলেন আনোয়ার

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

নতুন সরকারের সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এবারের সফরকে দুই দেশের সরকারপ্রধান পর্যায়ের সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।