গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
ঢাকা, ৪ আশ্বিন (১৯ সেপ্টেম্বর):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে টাকা, টেস্ট রিলিফ, জেনারেল রিলিফ, ভালনারেবল গ্রুপ ফিডিং ও খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে যেমন উন্নয়ন সাধিত হয়েছে তেমনি আর্থিক প্রবাহ সঞ্চারিত হয়েছে।
মন্ত্রী আজ ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ‘মডেল খাল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উল্লেখ করে মন্ত্রী বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি। শুষ্ক মৌসুমে চাষাবাদ, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন, খালে মাছ চাষ ও খালপাড়ে গাছ লাগানের মাধ্যমে এই কর্মসূচি গ্রামীণ জনজীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থের যথাযথ ব্যবহার এবং অর্থের অপচয় রোধে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
সারাদেশ থেকে ডিআরআরও এবং পিআইওগণ এ সম্মলনে অংশ নেন।