ইন্দোনেশিয়ায় মিষ্টান্ন কারখানায় ভয়াবহ আগুন, ২৪ বডি ব্যাগে দেহাবশেষ

অনলাইন ডেক্স
২৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় মিষ্টান্ন কারখানায় ভয়াবহ আগুন, ২৪ বডি ব্যাগে দেহাবশেষ

ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের একটি মিষ্টান্ন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে ২৪টি বডি ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার করা এসব দেহাবশেষ ঠিক কতজনের, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

এপি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের ঘটনায় এখনো ৩৪ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা দেহাবশেষ ও শরীরের বিভিন্ন অংশের ফরেনসিক পরীক্ষা শেষে পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু হবে।

রোববার (২২ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, উদ্ধার হওয়া দেহাবশেষের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় সরাসরি শনাক্ত করা সম্ভব হচ্ছে না। নিখোঁজ শ্রমিকদের পরিচয় নিশ্চিত করতে তাদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানী জাকার্তার কাছাকাছি বানতেন প্রদেশের সেরং জেলার পিটি ফোনুসা আগুং মুলিয়া কারখানায় আগুনের সূত্রপাত হয়। তিনতলা ভবনটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বানতেন অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো জানান, অগ্নিকাণ্ডের ১২ ঘণ্টারও বেশি সময় পরও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরিস্থিতি মোকাবিলায় ১৫টি ফায়ার ট্রাক ও জলকামান ব্যবহার করা হয়। উদ্ধার অভিযানে পুলিশ, সেনাবাহিনী, ইন্দোনেশীয় রেড ক্রস এবং স্বেচ্ছাসেবকেরাও অংশ নেন।

আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত নয়। তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেঁচে যাওয়া কয়েকজন শ্রমিকের ধারণা—কারখানার তৃতীয় তলায় থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কারখানাটির প্রধান নির্বাহী স্টিভেন উইজায়া জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানা প্রাঙ্গণে প্রায় ৩০০ শ্রমিক ছিলেন। এর মধ্যে ক্ষতিগ্রস্ত অংশে প্রায় ৬৩ জন অবস্থান করছিলেন বলে পরে ধারণা করা হয়। তাদের মধ্যে ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও ৩৪ জনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।

ভুক্তভোগী শনাক্তকরণ বিভাগের প্রধান ওয়াহু হিদায়াতি দ্বি পালুপি বলেন, আগুনে দেহাবশেষের অবস্থা এতটাই নষ্ট হয়েছে যে সেগুলো দেখে পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা ও প্রয়োজনীয় তথ্য নেওয়া হচ্ছে। উদ্ধার করা দেহাবশেষের ব্যাগগুলো শনাক্তকরণ প্রক্রিয়ার জন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

সেরং দমকল বিভাগের কর্মকর্তা টুবগাস মাহফুদ জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও কারখানার সব অংশে এখনো তল্লাশি চালানো যায়নি। ভবনের কিছু অংশ ধসে পড়ায় এবং পর্যাপ্ত আলোর অভাবে উদ্ধারকারীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। কারখানায় থাকা উৎপাদিত সামগ্রীর কারণে আগুন পুনরায় জ্বলে ওঠার আশঙ্কাও রয়েছে। তাই তল্লাশির পাশাপাশি ভবন ঠান্ডা করার কাজও চলছে।

এদিকে নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা কারখানার বাইরে অপেক্ষা করছেন। প্রিয়জনদের জীবিত ফিরে পাওয়ার আশায় তারা উদ্ধার অভিযানের দিকে তাকিয়ে রয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় একাধিক প্রাণঘাতী শিল্পকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনার পর দেশটির শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মপরিবেশ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।